জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে ফাইফার তুলেছেন বরিশাল বিভাগের রুয়েল মিয়াহ। এছাড়া চট্টগ্রামের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। একই দলের সাদিকুর রহমান রয়েছেন সেঞ্চুরির অপেক্ষাতে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রুয়েলের ফাইফারের সাথে জয়ের সেঞ্চুরিতে রঙিন এনসিএলের দ্বিতীয় দিন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান নিয়ে দিন শুরু করেছিল ময়মনসিংহ বিভাগ। যদিও বেশি একটা আগাতে পারেনি তারা। ৩১১ রানেই থেমেছে প্রথম ইনিংস। ফিফটি হাঁকিয়েছেন আবু হায়দার রনি, ৭৭ বলে করেছেন ৫৮ রান। [https://bdcricti.me/FlashBDCric]
সিলেট বিভাগের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন নাবিল সামাদ, তোফায়েল আহমেদ এবং নাঈম আহমেদ। ১ উইকেট তুলেছেন অনিক দেব বর্মণ।
জবাব দিতে নেমে সিলেটকে ভালো শুরু এনে দেন অধিনায়ক জাকির হাসান। দারুণ এক ফিফটি হাঁকিয়ে ৯০ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।
বাকিদের মধ্যে ৫৫ বলে ৪১ রান করেছেন সৈকত আলী। ফিফটি হাঁকিয়ে ছুটছেন আসাদউল্লাহ আল গালিব, ৯৭ বলে ৫৫ রান করে টিকে আছেন তিনি। ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলে দিন শেষ করেছে সিলেট, এখনও ৭৫ রানে এগিয়ে আছে ময়মনসিংহ বিভাগ।
ময়মনসিংহের হয়ে ২টি করে উইকেট নেন আজিজুল হাকিম রনি এবং আসাদউল্লাহ হিল গালিব। ১ উইকেট তুলেছেন রিজান হোসাইন।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে চাপে আছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল রংপুর। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৩০০ পেরিয়ে থেমেছে তারা। ১৫৬ বলে ৭৫ রান করে বিদায় নেন রিজওয়ান। বাকিদের মধ্যে ৬৮ বলে ৩৭ রান করেছেন আলাউদ্দিন বাবু। ৫২ বলে ২৭ রান করে টিকে ছিলেন মোহাম্মদ আবু হাসিম।
ঢাকার হয়ে ৪ উইকেট তুলেছেন আরিফ আহমেদ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ এনামুল হক এবং আমিনুল ইসলাম বিপ্লব। ১ উইকেট নিয়েছেন সুমন খান।
প্রথম ইনিংসে জবাব দিতে নেমে বেকায়দায় রয়েছে ঢাকা বিভাগ। ওপেনার আনিসুল ইসলাম ৩২ বলে ২০ রান করেছেন। চারে নেমে মার্শাল আইয়ুব খেলেন ৮৪ বলে ৩৪ রানের ইনিংস। শেষ দিকে জুটি বেঁধেছেন তাইবুর রহমান এবং সুমন খান। ৫২ বলে ৩২ রান করে অপরাজিত আছেন তাইবুর। অন্যদিকে সুমন টিকে আছেন ৩৮ বলে ১৯ রান করে।
রংপুরের হয়ে ২ উইকেট নিয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ১টি করে উইকেট শিকার করেছেন মেহেদী হাসান, আলাউদ্দিন বাবু, স্বাধীন ইসলাম এবং মোহাম্মদ আবু হাসিম।
খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল খুলনা বিভাগ। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ১০১ বলে ৫০ রান করেছেন আফিফ। নুরুল হাসান সোহান ছিলেন সাবলীল। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৫৪ বলে ৪৭ রান করেন তিনি। শেষ দিকে ৪৬ বলে ২৯ রান করে টিকে ছিলেন সফর আলী। ৩৪ বলে ২১ রান করেন আবদুল হালিম। প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে থেমেছে খুলনা বিভাগ।
বরিশালের হয়ে ৫ উইকেট শিকার করেছেন রুয়েল মিয়াহ। ২ উইকেট তোলেন মইন খান। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম, তানভীর ইসলাম এবং ইফতেখার হোসাইন ইফতি।
জবাব দিতে নেমে লেজেগোবরে দশা বরিশালের। ওপেনার ইফতেখার হোসাইন ইফতি বাদে আর কেউ ২০ রানও করতে পারেননি। ৬৭ বলে ৪৪ রান করেছেন ইফতি। দুই অঙ্ক ছুঁয়েছেন আর কেবল ২ জন – জাওয়াদ আবরারের ১৫ বলে ১২ রান এবং শহিদুল ইসলামের ১৯ বলে ১০ রান। প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে অলআউট হয়েছে বরিশাল বিভাগ।
খুলনার হয়ে ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা এবং শেখ পারভেজ জীবন। ২টি করে উইকেট শিকার করেছেন আবদুল হালিম এবং সফর আলী।
শেষ বিকেলে ফলো-অনে নেমে কিছুটা প্রতিরোধ গড়েছে বরিশাল। যদিও দলের ৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। ৬ বলে ০ রান করেছেন জাওয়াদ আবরার। অন্যদিকে ইফতি করেছেন ৩ বলে ১ রান। রাফসান আল মাহমুদ এবং মোহাম্মদ সালমান হোসাইন ইমন শেষ বিকেলে লড়াই চালিয়েছেন। ৪১ বলে ২৬ রান করে টিকে আছেন রাফসান। ইমন ৪২ বলে ১৩ রান করে অপরাজিত আছেন। ২ উইকেট হারিয়ে ৪৩ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। এখনও পিছিয়ে আছে ২৮৯ রানে।
খুলনার হয়ে ২ উইকেট নেন সফর আলী।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে চালকের আসনে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এখনও রাজশাহীর চেয়ে ১৭৪ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম, তবে হাতে আছে ১০ উইকেটের সবগুলোই।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৯০ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল রাজশাহী বিভাগ। ৩৬৪ রান করে থেমেছে রাজশাহী। সানজামুল ইসলাম ১০২ বলে ৩৯ রান করেছেন। নিহাদউজ্জামান ৫৯ বলে ২৭ রান করে টিকে ছিলেন। শাখাইর হোসাইন শুভ্র ১০৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন।
চটগ্রামের হয়ে ৪ উইকেট নেন হাসান মুরাদ। ৩ উইকেট শিকার করেছেন এনামুল হক আশিক। ১টি করে উইকেট তুলেছেন মোহাম্মদ আশরাফুল হাসান, মাহমুদুল হাসান জয় এবং মোহাম্মদ ইফরান হোসাইন।
জবাব দিতে নেমে মাহমুদুল হাসান জয় এবং সাদিকুর রহমানের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। ওপেনিং জুটিতে রাজশাহীকে দারুণ জবাব দিয়েছেন দুজন। দিনের খেলা শেষ হলেও জুটি ভাঙেনি। জয় সেঞ্চুরি হাঁকিয়ে টিকে আছেন ১৭০ বলে ১০২ রান করে। আরেক প্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় সাদিকুর, ১১৮ বলে করেছেন ৮৬ রান।
একনজরে সংক্ষিপ্ত স্কোর :
ভেন্যু : সিলেট
ময়মনসিংহ ১ম ইনিংস: ৯৮ ওভারে ৩১১ (আগের দিন ২৭৩/৭) (আবু হায়দার ৫৮, রকিবুল ১৯, আজিজুল ১৫*, গালিব ৪*; তারেক ১৪-১-৪৭-০, অনিক ১০-১-৩৪-১, তোফায়েল ২১-৬-৪৬-৩, নাঈম ২১-১-৭৯-৩, নাবিল ২৯-০-১০০-৩, গালিব ৩-১-২-০)।
সিলেট ১ম ইনিংস: ৭৩ ওভারে ২৩৬/৫ (জাকির ৬০, দিশান ১৯, সৈকত ৪১, অমিত ১৯, গালিব ৫৫*, আশরাফুল ২৩, তোফায়েল ১১*; আবু হায়দার ৮-১-৪০-০, গালিব ১২-১-৪৮-২, রিজান ৪-০-১৭-১, আল আমিন ৩-০-১৪-০, রকিবুল ২৪-৪-৬২-০, আজিজুল ২১-৫-৪৯-২, আরিফুল ১-০-১-০)
ভেন্যু : মিরপুর
রংপুর ১ম ইনিংস: ১২৭ ওভারে ৩৪০ (আগের দিন ২২৯/৬) (রিজওয়ান ৭৫, আলাউদ্দিন ৩৭, হাশিম ২৭*, মেহেদি ০, স্বাধীন ১৩; সুমন ২২-৪-৯১-১, রিপন ১৯-৩-৪৬-০, এনামুল ১৯-৪-৪৩-২, আরিফ ৪০-৪-৯২-৪, তাইবুর ৯-১-১৯-০, আমিনুল ১৮-০-৪৫-২)।
ঢাকা ১ম ইনিংস: ৪৪ ওভারে ১২০/৬ (নাঈম শেখ ০, আনিসুল ২০, শিবলি ৫, মার্শাল ৩৪, অঙ্কন ৭, তাইবুর ৩২*, আমিনুল ২, সুমন ১৯*; মেহেদি ৯-১-১৯-১, আলাউদ্দিন ৬-১-১৭-১, রিজওয়ান ৬-০-২৫-২, আল মামুন ৫-১-৯-০, স্বাধীন ১০-০-৩৮-১, হাশিম ৪-২-৩-১, মাহমুদুল ৪-২-৮-০)।
ভেন্যু : খুলনা
খুলনা ১ম ইনিংস: ১১৭.৫ ওভারে ৪২৬ (আগের দিন ৩২৮/৫) (আফিফ ৫০, সামিউন ২২, পারভেজ ১৭, মেহেদি রানা ৮, সফর ২৯*, হালিম ২১; রুয়েল ২৭.৫-২-৮০-৫, তৌহিদুল ১৩-১-৬১-০, শহিদুল ২০-৩-৫৮-১, তানভির ৩০-১-১১২-১, মইন ২১-২-৮২-২, ইফতি ৩-০-২২-১, জাওয়াদ ৩-০-১০-০)।
বরিশাল ১ম ইনিংস: ২৮.৪ ওভারে ৯৪ (জাওয়াদ ১২, ইফতি ৪৪, রাফসান ৯, সালমান ০, সিফাত ০, হাফিজুর ৯, মইন ৫, শহিদুল ১০, তানভির ০, রুয়েল ০*, তৌহিদুল ০, সফর ৯-০-৩৪-২, হালিম ৯-২-২২-২, মেহেদি রানা ৭-২-২৫-৩, পারভেজ ৩.৪-০-১০-৩)।
বরিশাল ২য় ইনিংস (ফলো-অনের পর): ১৫ ওভারে ৪৩/২ (জাওয়াদ ০, ইফতি ১, রাফসান ২৬*, সালমান ১৩*; সফর ৪-১-১০-২, পারভেজ ৬-১-২২-০, মেহেদি রানা ৪-২-১০-০, সামিউন ১-১-০-০)।
ভেন্যু : চট্টগ্রাম
রাজশাহী ১ম ইনিংস: ১১৫ ওভারে ৩৬৪ (আগের দিন ২৯০/৬) (শাকির ৩৪, সানজামুল ৩৯, নিহাদ ২৭*, ওয়ালিদ ৫, শফিকুল ০; ফাহাদ ৯-০-৫১-০, ইফরান ১৮-০-৬৫-১, মুরাদ ৩৭-৮-৯৬-৪, আশিক ১৯-২-৬৯-৩, আশরাফুল ২১-৪-৫৭-১, জয় ১১-৪-২২-১)।
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৯০/০ (জয় ১০২*, সাদিকুর ৮৬*; শফিকুল ৮-২-২৩-০, ওয়ালিদ ১০-০-৪০-০, সানজামুল ১১-০-৪২-০, সাব্বির হোসেন ৩-০-১৬-০, নিহাদ ৬-০-২৮-০, মেহেরব ১০-০-৪১-০)।