টেস্ট ক্রিকেট, ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই ফরম্যাটে যেন নতুন দিগন্তে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। একসময় যে টেস্টে সংগ্রাম করেছে, ভুগেছে টাইগাররা সেই টেস্টেই এখন বুক চিতিয়ে বাঘের মত লড়ছে টিম টাইগার্স। ঘরে, বাইরে দারুণ সব সাফল্যে টেস্টে নিজেদের সামর্থ্যটা বারবার জানান দিচ্ছে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টেস্ট ক্রিকেটে নতুনের জয়গান গাইছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই বেশ সংগ্রাম করেছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলের সাথে জয়ের রেকর্ড আছে যদিও। তবে সেসব ম্যাচে বাংলাদেশকে বেশ সাহায্য করেছিল মিরপুরের টার্নিং উইকেট। যেখানে দুই দলের মাঝে শক্তির পার্থক্যটা কমে এসেছিল অনেক। তবে এবার পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেটে খেলেই টানা দুই টেস্ট জিতেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালের সফরের দুই টেস্টেও খেলা হয়েছিল স্পোর্টিং উইকেটে। সেখানেও পাকিস্তানকে ধবলধোলাই করে টাইগাররা। সর্বশেষ চার টেস্টে পাকিস্তানের সাথে চার ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। একদম দাপুটে ক্রিকেট যাকে বলে আরকি।
পাকিস্তান সিরিজ ছাড়াও গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে দারুণ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। জ্যামাইকা টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার মত অবস্থানে থাকলেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এর আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টেও নিউজিল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এমন বদলে যাওয়ার পেছনে রহস্যটা কী? হুট করে কী এমন জিয়ন কাঠির ছোঁয়ায় বদলে গেল টেস্টের বাংলাদেশ? পেছন ফিরে কারণ খুঁজতে গেলে অবশ্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনাই খুঁজে পাওয়া যাচ্ছে। টেস্ট ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে অংশগ্রহণ, ম্যাচ ফি, পারিশ্রমিক বাড়ানোর চেষ্টা নানা সময়ে করে গেছে বিসিবি। যার ফলে শুধু টেস্ট খেলেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ক্রিকেটাররা। বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও টেস্ট খেলা অনেক ক্রিকেটারই আছেন। ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা, স্বস্তির ব্যাপারটি নিশ্চিত হয়েছে সেখানেই। যাতে মন খুলে টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে পেরেছেন ক্রিকেটাররা।
টেস্টে এমন সাফল্যের মুহূর্ত বারবারই আসছে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটারদের দীর্ঘ দিন ধরে সুযোগ দেওয়াও দলের সাফল্যের বড় একটি কারণ। বর্তমান টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম খেলে ফেলেছেন ১০২ টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন শততম টেস্টের মাইলফলকও। এছাড়া মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, অধিনায়ক নাজমুল হোসেন শান্তরা টেস্টে অভিজ্ঞ ক্যাম্পেইনার। দীর্ঘ দিন ধরে টেস্ট দলের সদস্য তারা। কারও চোট সমস্যা না থাকলে টেস্টে বাংলাদেশের মিডল অর্ডারটাও এখন প্রায় ফিক্সড। তিনে মুমিনুল, চারে শান্ত, পাঁচে মুশফিক, ছয়ে লিটন আর সাতে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তারা যে এসেই দলে জায়গা পাকা করে ফেলেছেন তাও নয়। মাঝে সাফল্যের সাথে ব্যর্থতাও এসেছে। তবুও টাইগার টিম ম্যানেজমেন্ট আস্থা রেখে তাদের উপরই। সেই আস্থার প্রতিদান দিয়ে বেশ শক্তিশালী এক ব্যাটিং লাইনআপ গঠন করেছেন শান্ত-লিটন-মুশফিকরা।
শক্তপোক্ত ব্যাটিংয়ের সাথে টেস্ট জেতার আরও এক বড় ফর্মুলা – ২০ উইকেট তোলা। বাংলাদেশের বোলিং ইউনিট এখন ২০ উইকেট নেওয়ার সক্ষমতা রাখে, বেশ ভালোভাবেই রাখে। এমন কথা এখন জোর দিয়ে বলাই যায়। ঘরের মাঠে স্পোর্টিং উইকেটেই পাকিস্তানের ব্যাটারদের নাকে দড়ি লাগিয়ে ঘুরিয়েছেন বাংলার বোলাররা। পাকিস্তানে গিয়েও পাক ব্যাটারদের নাকের পানি, চোখের পানি এক করে ছেড়েছেন বাংলাদেশের বোলাররা। উইকেট বুঝে ২ স্পিনার, ৩ পেসার নয়ত ৩ স্পিনার, ২ পেসার নিয়ে একাদশ সাজাচ্ছে বাংলাদেশ। যেখানে স্পোর্টিং উইকেটের ফায়দাতেই প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে লড়ছেন টাইগার বোলাররা। বলেকয়ে তুলছেন ২০ উইকেটও। একটা সময় দিনের পর দিন টেস্ট ক্রিকেটে বলই করে যেত বাংলাদেশ। ২০ উইকেটের দেখা আর পেত না। তবে এখন নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা মিলে এমন পেস ইউনিট বানিয়েছেন, পেসে মহাশক্তিশালী দলও এখন বাংলাদেশের বিপক্ষে পেস উইকেট বানাতে দুবার ভাববে।
টেস্ট ক্রিকেটেও লড়তে শিখে গেছে বাংলাদেশ। পেসের সাথে স্পিনের সমন্বয়, বোলিংয়ের সাথে ব্যাটিংয়ের দারুণ সমন্বয়টাই টেস্টে বাংলাদেশের উন্নতির বড় কারণ। বোলাররা ২০ উইকেট নিতে হবে সাথে বোর্ডে রানও তো লাগবে। আগে ব্যাটিংয়ে নেমে ৩০০-৩৫০ রান করাই বেশ কঠিন ছিল বাংলাদেশ দলের জন্য। এখন প্রায় নিয়মিত ভিত্তিতেই প্রথম ইনিংসে ৩০০ ছাড়াচ্ছে বাংলাদেশ দল।
পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট ১০ ম্যাচে প্রথম ইনিংসে টাইগারদের গড় রান ৩৫৬.৪০। তবে এর আগের ১০ টেস্টে প্রথম ইনিংসে গড় রান ছিল মোটে ২৩২.২। সর্বশেষ ১০ টেস্টে প্রথম ইনিংসে ৫ বার ৪০০ ছাড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে তার আগের ১০ টেস্ট বিবেচনায় নিলে কেবল ১ বার ৩০০ ছাড়িয়েছিল টাইগাররা।
দুই সময়ের ফল বিবেচনায় নিলেও পারফরম্যান্সের পার্থক্যটা বোঝা যাবে বেশ ভালোভাবে। সর্বশেষ ১০ টেস্টে বাংলাদেশের ৬ জয়, ৩ হার সাথে ১ ড্র। অন্যদিকে তার আগের ১০ টেস্টে ম্যাচে ৭ হার, ৩ জয়। সব মিলিয়ে সর্বশেষ ২০ টেস্ট ম্যাচে ১০ হার ৯ জয় ১ ড্র।
অল্প দিনেই খ্যাতি কুড়াচ্ছেন গতিতারকা নাহিদ রানা। প্রথম ইনিংসে বড় রান না পেয়ে হাহুতাশ বহুবার করেছে বাংলাদেশ। শুরুতেই বেশ পিছিয়ে গেলে প্রতিপক্ষ পেয়ে যায় বড় লিড, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকত না বাংলাদেশের। সেই বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ এখন প্রথম ইনিংসেই দলের বোর্ডে তুলে দিচ্ছে বড় রান। সর্বশেষ পাকিস্তান সিরিজেই দুই ম্যাচেই লিড নিয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ে যা ছিল বাড়তি টনিক।
ক্রিকেটারদের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আগলে রাখার ব্যাপারও আছে টেস্ট দলে। এই দলের ক্রিকেটাররা লম্বা সময় ধরে একসঙ্গে টেস্ট খেলছেন। বোঝাপড়াটাও তাই বেশ ভালো নিজেদের মাঝে। নিজেরা দায়িত্ব নিয়ে দলকে নানা সময়ে উদ্ধারও করছেন ক্রিকেটাররা। পাকিস্তান সফরে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের সেই মহাকাব্যিক কামব্যাকের কথা নিশ্চিতভাবেই আপনার মনে আছে। অদম্য সেই ব্যাটিং বীরত্ব দেখাতে না পারলে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ইতিহাস লেখা হয়ত আর হত না।
৩৯ বছর বয়সে এসেও থেমে নেই মুশফিক। ছুটছেন অদম্য গতিতে। পাকিস্তান সিরিজে সিরিজসেরা হওয়াই তার বড় প্রমাণ। উইকেটের পেছনে লিটন দাস এখন দুনিয়ারই অন্যতম সেরা। অধিনায়কত্বে ১৮ ম্যাচে ৮ টেস্ট জেতা শান্ত তো ইতোমধ্যে দেশের সফলতম অধিনায়ক। নেতৃত্বে লেটার মার্ক্স পেয়েই হয়েছেন উত্তীর্ণ। যে কারণে অধিনায়কত্ব ছেড়ে দিলেও তাকে আবারও টেস্টের নেতৃত্বে ফিরিয়ে এনেছে বোর্ড। সুফলটাও মিলছে এখন। টেস্ট দলটাকে যে দারুণভাবে এক সুতায় গেঁথেছেন অধিনায়ক শান্ত। মাঠের ক্রিকেটে সাফল্যের পূর্বশর্ত তো সেখানেই।
স্লেজিং দিয়েও প্রতিপক্ষকে জবাব দেওয়া শিখে গেছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্স, ব্যাটিং, বোলিং, দলগত শক্তি সবকিছুর সাথে আরও একটি ব্যাপার যোগ করতেই হবে – মাঠে বাংলাদেশের শরীরী ভাষা। পাকিস্তান সিরিজে শরীরী ভাষায় দারুণ চাঙা এক বাংলাদেশ দলকে দেখা গেছে। আগে প্রতিপক্ষের স্লেজিং আর কটু কথা সহ্য করে যাওয়া বাংলাদেশ এবার প্রতিপক্ষকেই করেছে স্লেজিং। মোহাম্মদ রিজওয়ানের সাথে লিটন-শান্তদের সেই বাক্য বিনিময় স্টাম্প মাইকের সৌজন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে দ্রুতই। এসব কিছু থেকে একটা ব্যাপার বেশ পরিষ্কার – টেস্ট ক্রিকেটেও এখন চোখে চোখ রেখে লড়তে শিখে গেছে বাংলাদেশ দল। একসময় প্রতিপক্ষের কাছ থেকে কঠিন সময় সহ্য করা বাংলাদেশ এখন প্রতিপক্ষকেও সেসব নাকের পানি, চোখের পানি এক করানোর দশা করতে পারছে, হাতে আছে সেসব রসদ, মুখে বাক্য বিনিময়েও কোনো ছাড় নয় – এমন বাংলাদেশকেই তো দরকার!
এমন নয় যে টেস্টে অজেয় হয়ে গেছে বাংলাদেশ। তবে পাকিস্তানকে টানা চার টেস্টে হারানো বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বড় এক বার্তা অন্তত দিতে পেরেছে। আগুনে বোলিংয়ে বিশ্বের সামনে নিজেকে চিনিয়েছেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। সামনেই হয়ত আরও বহুবার টেস্ট হারবে বাংলাদেশ। তবে লড়াই করে যাওয়ার রসদ আর মন্ত্রটা ঠিকই আছে দলের মাঝে, এই দল ১-২ ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর ফর্মুলাটা জানে বেশ ভালোভাবেই, যা মাঠের ক্রিকেটেই প্রমাণিত।
পাকিস্তান সিরিজে দুই টেস্টেই টসে হেরে কঠিন পরিস্থিতিতে আগে ব্যাটিং, মিরপুর টেস্টে সাহস দেখিয়ে ইনিংস ঘোষণা, ৩ পেসার নিয়ে দুই টেস্টে একাদশ সাজানো, মিরপুরে রানার ৫ম দিনের ১৪৭ কিলোমিটার/ঘণ্টার একেকটি গোলা দুচোখে তৃপ্তিভরে দেখেছেন দর্শকরা। টেস্ট র্যাঙ্কিংয়ে ৭ম স্থানে চলে আসা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ৫ম স্থানে ওঠা, ভারতকে ছয়ে ঠেলে দিয়ে – যুগ যুগ ধরে হৃদয়ে লালন করার স্মৃতি পেয়েছেন টাইগার সমর্থকরা। ক্রিকেটের টেস্ট, টেস্ট ক্রিকেটে এমন বাংলাদেশই তো চেয়েছিল সবাই!