মাঝে এক বছরে অনেক কিছু বদলেছে। বিসিবিতেও এসেছে অনেক পরিবর্তন। তামিম ইকবাল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে সম্পর্কের উন্নতির উদ্যোগ নেন। তামিমের নানা সময়ের কথায় বোঝা যাচ্ছে, সেই উন্নতি হয়েছে অনেকটাই। তবে সেপ্টেম্বরে ভারত সিরিজ মাঠে গড়াচ্ছে না। যদিও দুই দেশের বোর্ডই এই সিরিজ আয়োজনের ব্যাপারে ইতিবাচক। ফলে খোঁজা হচ্ছে নতুন কোনো উইন্ডো, নতুন কোনো সময়সূচি।
সম্প্রতি নট আউট নোমানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘ভারত সিরিজটি হবে না, এমন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তারপরও আমি আপনাদের একটি ছোট তথ্য দিই। দুই বোর্ডই আন্তরিকভাবে চায় যেন সিরিজটি হয়। বিসিসিআই ও বিসিবি, দুই পক্ষই সম্ভাব্য সময় বের করার চেষ্টা করছে, কখন এটি আয়োজন করা সম্ভব। মোটামুটি একটি সময়ও ভাবা হচ্ছে, ওই সময়ে এটি করা যাবে কি না, সেটি নিয়েও আলোচনা চলছে। যদি আমি দেখতাম যে তাদের (ভারতের) আগ্রহ নেতিবাচক, তাহলে আজ আপনাকে ‘দেখা যাক কী হয়, আমরা আশাবাদী’ এই কথাটিও বলতাম না। আমি এই কথাটিও বলতাম না। তাদের ইনটেনশন খুবই ইতিবাচক।’
বাংলাদেশ-ভারত সিরিজটি দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উপরও অনেকাংশে নির্ভরশীল। রাজনৈতিক সম্পর্কের কারণেই সিরিজ সময়মতো মাঠে গড়ায়নি। তামিম নিজেও বিষয়টি বেশ ভালোভাবে জানেন। দুই দেশের সরকারের সবুজ সংকেত মিললেই সিরিজ মাঠে গড়ানো যাবে।
তামিম বলেছেন, ‘কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি কখনোই সেই লাইনটি অতিক্রম করতে চাই না, ঠিক আছে? তবে দুই পক্ষেরই আগ্রহ ভালো এবং আমরা নিয়মিত যোগাযোগ করছি। তারিখ নিয়েও আলোচনা চলছে। কারণ বাংলাদেশও ব্যস্ত, তারাও ব্যস্ত। বাংলাদেশের মাঝে তিনটি সিরিজ রয়েছে। আবার ভারত ও বিসিসিআইও নিজেদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তবে এ বিষয়ে আমাদের নিয়মিত আলোচনা চলছে।’
বিপিএলের ফিক্সিং প্রসঙ্গে ইতোমধ্যে কয়েকজনকে শাস্তির আওতায় এনেছে বিসিবি। আরও কেউ কি শাস্তি পাচ্ছেন? জবাবে তামিম ইকবাল জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চার-পাঁচজনের নাম জানিয়েছি। আরও চার-পাঁচজনের নাম প্রকাশ করা হবে। এখানে স্বচ্ছতা ও সততার (ইন্টেগ্রিটি) একটি বিষয় রয়েছে। বিষয়টি এখন আইনজীবী দেখছেন। আইনজীবীর কাছ থেকে সবুজ সংকেত পেলেই আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নামগুলো প্রকাশ করব।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। ফলে বিশ্বকাপেও খেলা হয়নি। বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলেছে স্কটল্যান্ড। ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল আগের বিসিবি এবং আগের অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্বকাপ না খেলার সমালোচনা আগেও অনেকবার করেছেন তামিম ইকবাল। এবারও করলেন।
তামিম ইকবাল জানিয়েছেন, ‘আমার মনে হয়, বিষয়টি আমরা আরও ভালোভাবে আলোচনা করতে পারতাম। দেখুন, মুস্তাফিজুরের বিষয়টি (মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া) নিয়ে পুরো দেশই হতাশ হয়েছিল। আজও আমি বলছি, সেদিনও বলেছিলাম, এমনটা কখনওই হওয়া উচিত ছিল না। এটি (মুস্তাফিজকে বাদ দেওয়া) কোনোভাবেই সঠিক কাজ ছিল না, এমনটা কখনোই করা উচিত হয়নি। তখনও আমি এই অবস্থানকে সমর্থন করেছিলাম, এখনও করছি। কিন্তু একই সঙ্গে আমরা একটি বিশ্বকাপে খেলতে যাচ্ছিলাম।’
তামিম আরও জানিয়েছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার জায়গা করে নেওয়ার সময় দেশের প্রতিটি মানুষ কীভাবে উদ্যাপন করেছিল, তা আমরা সবাই দেখেছি। এখন হয়তো প্রতি দুই বছর পরপর কিংবা চার বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, কিন্তু এটি একটি বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। তাই আমার মনে হয়, আমরা বিষয়টি আরও ভালোভাবে সামলাতে পারতাম। শুরু থেকেই আমরা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিলাম, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ ছিল না।’
বর্তমানে বিসিবি সভাপতি হওয়ার কারণে আইসিসির বোর্ড পরিচালকও হয়েছেন তামিম ইকবাল। সেই সূত্রে আইসিসির বোর্ড মিটিংয়ে যোগও দিয়েছেন কিছুদিন আগে। বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে আগের বোর্ড কর্তাদের সাথে আইসিসির নানা আলাপ প্রসঙ্গেও এখন ভালো করেই জানেন তামিম।
বিসিবি প্রধান জানিয়েছেন, ‘আমি এখন আইসিসিতে আছি। বিসিবির কারণেই আমি আইসিসির একজন সদস্য (বোর্ড পরিচালক)। ওই আলোচনা-সমঝোতার সময় অনেক কিছু বলা ও করা হয়েছিল। সেগুলো যদি আমি প্রকাশ্যে বলি, আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু আমি সেগুলো প্রকাশ করতে পারব না। কারণ আবারও সেই সম্মানের বিষয়টি সামনে আসে, আর সেই সম্মান আমাকে বজায় রাখতে হবে। কী কী কথা বলা হয়েছিল, তা জানলে আপনারা অবাক হবেন। তবে আমরা সেই আলোচনায় যেতে চাই না।’
তামিম ইকবাল আরও বলেছেন, ‘আমি এই কথাটি বলছি অন্য একটি কারণে। বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমি যখন প্রথম বক্তব্য দিয়েছিলাম, তখন একটি কথা বলেছিলাম, সেই মুহূর্তে যারা ওই পরিস্থিতির মধ্যে ছিলেন, তারাই বুঝতে পারছিলেন আসলে কী ঘটছে এবং কী ঘটছে না। আমরা তখন বাইরে ছিলাম। আমরা নিজেদের মতামত দিতে পারি, কিন্তু যারা তখন বিষয়টি নিয়ে কাজ করছিলেন, তাদের কাছে সব ধরনের তথ্য ও উপাত্ত ছিল। এখন যখন শুনছি, এর সঙ্গে এই আলোচনা হয়েছে, এমন এমন ঘটনা ঘটেছে, সবকিছু বিশ্লেষণ করার পর আমার মনে হয়েছে, আমরা বিষয়টি আরও সতর্কভাবে, আরও বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারতাম।’
তামিম ইকবাল জানিয়েছেন, ‘আপনি যদি প্রথম দিনই এমন একটি পর্যায়ে চলে যান, যেখান থেকে আর ফেরার সুযোগ থাকে না, তাহলে সমাধানও হবে না। আমার মনে হয়, কিছু ক্ষেত্রে খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই রাখা উচিত। সম্প্রতি তো অনেক ঝামেলা হয়েছে, তাই না? দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইরান আমেরিকায় (ফুটবল বিশ্বকাপ) খেলতে গিয়েছিল। আমি বলতে চাচ্ছি, সেটি তো এর চেয়েও বড় বিষয় ছিল, সেখানে যুদ্ধ চলছিল। এটাই আমার কথা, সেখানে যুদ্ধ চলছিল।’
বিসিবি সভাপতির মতে, ‘আমার কথা হলো, যা-ই হোক, যা-ই ঘটুক, কে কোন দেশে যাচ্ছে, কোন দেশে ম্যাচ হওয়া উচিত, এসব বিস্তারিত বিষয়ে আমি যাচ্ছি না। আমি মনে করি, কিছু ক্ষেত্রে আমাদের খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই বিবেচনা করা উচিত। দুর্ভাগ্যজনকভাবে, আমরা অনেক সময় এই সীমার মধ্যে থাকি না। আমরা প্রায়ই খেলাধুলার সঙ্গে অন্য বিষয়গুলোও টেনে নিয়ে আসি। তাই যখনই এই প্রসঙ্গ আসে, আমি একই কথা আবার বলি, আমাদের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল। আমাদের অবশ্যই আরও ভালোভাবে আলোচনা-সমঝোতা করা উচিত ছিল। এটাই। যদিও আমি অনেক কিছু জানি, তারপরও সেগুলোর অনেক কিছু আমি বলতে পারব না।’
শুরুতে অ্যাড-হক কমিটির সভাপতির দায়িত্ব নেওয়া তামিম ইকবাল পরে নির্বাচন জিতে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন।